আফগানিস্তানে ৮০ জন নিহতের দাবি ‘কাল্পনিক’ : তালেবান
আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে অন্তত ৮০ জন উগ্রবাদীকে হত্যার পাকিস্তানি দাবিকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান সরকারের এক নিরাপত্তা কর্মকর্তা এই মন্তব্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলেন, ‘পাকিস্তান সরকার ৮০ জন নিহতের যে সংখ্যাটি দিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক।’
এদিকে এই বিমান হামলায় নিহতের সংখ্যা নিয়ে দুই দেশের তথ্যে ব্যাপক গরমিল দেখা গেছে। পাকিস্তান ৮০ জন জঙ্গি নিহতের দাবি করলেও আফগান কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় শিশুসহ অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তানে অবস্থানরত এএফপির সাংবাদিকরা নিরপেক্ষভাবে পাকিস্তানের দেওয়া নিহতের সংখ্যাটি যাচাই করতে সক্ষম হননি।
এই ঘটনার ফলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তাদের দেশে হামলা চালানো জঙ্গিরা আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিচ্ছে, যা তালেবান কর্তৃপক্ষ বরাবরই অস্বীকার করে আসছে।

এনটিভি অনলাইন ডেস্ক