আফগান-পাকিস্তান সংঘাত : জরুরি সংলাপের আহ্বান জাতিসংঘের
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সীমান্ত সংঘাত নিরসনে অবিলম্বে ‘জরুরি রাজনৈতিক সংলাপের’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সামরিক শক্তি প্রয়োগের পথ পরিহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আসার অনুরোধ জানান তিনি। খবর আলজাজিরার।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি অধিবেশনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তুর্ক এই গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান এই অস্থিরতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ‘তীব্রভাবে বৃদ্ধি’ পেয়েছে। বর্তমান পরিস্থিতি সামরিক শক্তির ব্যবহার বৃদ্ধির পরিবর্তে দ্রুত রাজনৈতিক আলোচনার দাবি রাখে। ক্রমবর্ধমান এই সংঘাত কেবল সাধারণ মানুষের ভোগান্তিই বাড়াচ্ছে।
আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে তুর্ক দেশটিকে ‘মানবাধিকারের কবরস্থান’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তালেবান প্রশাসনের একের পর এক কঠোর ডিক্রি আফগান নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের জীবনকে দুর্বিষহ করে তুলছে।
তুর্ক আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদের’ সঙ্গে তুলনা করেন।
গত কয়েক দিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান কর্তৃক আফগান ভূখণ্ডে বিমান হামলা এবং এর জবাবে তালেবান বাহিনীর পাল্টা হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানের দাবি, তারা তাদের ভূখণ্ডে হামলাকারী সন্ত্রাসীদের দমনে এই অভিযান চালাচ্ছে। অন্যদিকে কাবুল একে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক