বাহরাইন-কাতারে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি চরম ও ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বাহরাইন কর্তৃপক্ষ। পাশাপাশি কাতারেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বাহরাইনের জাফেয়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। বাহরাইন সরকার নিশ্চিত করেছে, তাদের ভূখণ্ডে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের দ্রুততম সময়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, এই পঞ্চম ফ্লিটটি পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও নজরদারির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কাতার সরকার সে দেশে অবস্থানরত সকল নাগরিক ও বাসিন্দাদের মোবাইলফোনে বিশেষ সতর্কতা বার্তা পাঠিয়েছে। বার্তায় সবাইকে ঘরের ভেতরে অবস্থান করার ও যেকোনো সামরিক স্থাপনা থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘মেজর কমব্যাট অপারেশন’ শুরুর ঘোষণার পরপরই তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোর সামরিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে ইসরায়েল ও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। ইসরায়েল ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে এক অনিশ্চিত যুদ্ধের মুখে। ব্রিটিশ দূতাবাস কাতারে তাদের নাগরিকদের জন্য বিশেষ পরামর্শ জারি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক