ইরানে হামলায় মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে : ল্যাভরভ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) মস্কোতে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ল্যাভরভ বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর নামে শুরু হওয়া এই যুদ্ধ উল্টো ইরানসহ আশপাশের দেশগুলোকে পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে ঠেলে দিতে পারে। তার মতে, এ সংঘাত বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করছে। খবর আনাদোলুর।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্যেও ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল—এমন কোনো প্রমাণ নেই।
জাতিসংঘের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার উদ্যোগ নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য হওয়ায় নিজেদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধা দেবে, যা কার্যত পরিষদের পদক্ষেপকে সীমিত করে।
ল্যাভরভ আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর সদস্য হওয়ায় দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে।
এদিকে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করা জরুরি।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায়, যাতে কয়েকজন শীর্ষ ইরানি নেতা নিহত হন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক