ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এক দফায় ড্রোন হামলা চালিয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক এই যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করল। খবর বার্তা সংস্থা এএফপির।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় আজ শনিবার (৭ মার্চ) প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানি নৌবাহিনী একটি বিশাল ড্রোন বহরের মাধ্যমে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল অধিকৃত ভূখণ্ডগুলোতে হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ঘাঁটি ও কুয়েতের একটি ঘাঁটি এবং ইসরায়েলের একটি কৌশলগত স্থাপনা।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পরে জানায়, তাদের বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, গার্ডসের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় মার্কিন সন্ত্রাসীদের আকাশযুদ্ধ কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আর্লি ওয়ার্নিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারগুলোতে আঘাত হানা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ইরান ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক