মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ইরান ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে শনিবারের (৭ মার্চ) সর্বশেষ পরিস্থিতি নিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন-
আইআরজিসি’র বিমান লক্ষ্য করে হামলা
ইসরায়েল জানিয়েছে যে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে রাতভর অভিযানে তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের ১৬টি সামরিক বিমান ধ্বংস করেছে। তেহরান এবং ইস্পান শহরে ইসরায়েলি বিমান হামলার অংশ হিসেবে এই বিমানবন্দরটিতে আঘাত হানা হয়। একজন প্রাদেশিক কর্মকর্তার মতে, ইস্পাহান ও এর আশেপাশে ইসরায়েলি ও মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।
দুবাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু ভূপাতিত করার পর গুরুত্বপূর্ণ বৈশ্বিক পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেশটি জানিয়েছে, শনিবার তাদের লক্ষ্য করে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
ব্রিটিশ সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাজ্যের দুটি ঘাঁটি ব্যবহার করা শুরু করেছে, যার একটি ইংল্যান্ডে এবং অন্যটি ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘাঁটিগুলো থেকে মার্কিন ফ্লাইটগুলো ইরানকে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে বিরত রাখতে সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযানের জন্য পরিচালিত হচ্ছে।
ট্রাম্পের আরও হামলার হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে এবং নতুন লক্ষ্যবস্তু অন্তর্ভুক্ত করে হামলার পরিধি বাড়ানোর হুমকি দিয়েছেন। ট্রাম্প তাঁর 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে বলেন, ‘ইরানের অশোভন আচরণের কারণে—যেসব এলাকা এবং জনসমষ্টিকে এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু করার কথা ভাবা হয়নি—সেগুলো এখন সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।’
ইরাকি কুর্দিস্তানে ইরানের হামলা
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই অঞ্চলে বেশ কয়েকটি ইরানি কুর্দি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি রয়েছে।
লেবাননের টাইরে শহরে ইসরায়েলের সতর্কতা
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টেইরের একটি জেলার বাসিন্দাদের হামলার আগে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে যে, সেখানে শিগগিরই হিজবুল্লাহর অবস্থানগুলোতে আঘাত হানা হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবাননকে সতর্ক করে বলেছেন, হয় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে, নয়তো খুব চড়া মূল্য দিতে হবে।
নিখোঁজ ইসরায়েলি বৈমানিকের অনুসন্ধান
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ১৯৮৬ সাল থেকে নিখোঁজ তাদের নেভিগেটর রন আরাদের দেহাবশেষ খুঁজে বের করতে লেবাননে একটি অভিযান চালিয়েছে, তবে তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
সৌদি আরবের সতর্কতা
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরানকে ‘ভুল হিসাব-নিকাশ’ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন সামরিক কর্মীদের অবস্থান করা একটি বিমান ঘাঁটি এবং একটি প্রধান তেলক্ষেত্রে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুখে দিয়েছে।
প্রতিবেশী দেশে হামলা হবে না : পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তবে প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর কোনো হামলা না হয়, তবে সেসব দেশে আর কোনো হামলা চালানো হবে না বা ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না।’
তেলবাহী ট্যাঙ্কারে হামলা
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানিয়েছে, তারা পারস্য উপসাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তারা এর আগে জানিয়েছিল, বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন বাহিনীর সহায়তায় জাহাজগুলোকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করে দেওয়ার জন্য ‘অপেক্ষা’ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক