নতুন নেতার নাম ঘোষণার প্রস্তুতি ইরানে, জ্বলছে জ্বালানি ডিপো
ইসরায়েলি হামলায় তেহরানের জ্বালানি ডিপোগুলো ধ্বংস হওয়ার পর ইরান তাদের নিহত সর্বোচ্চ নেতার উত্তরসূরি মনোনীত করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল শনিবারের এই হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে আজ রোববার (৮ মার্চ) পুরো রাজধানী শহরটি কটু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ার নয় দিন পর, ইরানের 'বিশেষজ্ঞ পরিষদ' গোপনে বৈঠক করে তাদের পরবর্তী নেতা নির্বাচন করেছে। পরিষদের সদস্যরা জানিয়েছেন, নাম এখনো প্রকাশ করা না হলেও খুব শিগগিরই তা ঘোষণা করা হবে। অনেকেই ধারণা করছেন, খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি তাঁর বাবার স্থলাভিষিক্ত হবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মনোনয়নে নিজের ভূমিকার দাবি জানালেও ইসরায়েলি সামরিক বাহিনী নতুন উত্তরসূরিকে সতর্ক করে বলেছে, ‘আপনাকে লক্ষ্যবস্তু করতে আমরা দ্বিধা করব না।’ তবে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি এনবিসি-র 'মিট দ্য প্রেস'-এ বলেছেন, এই সিদ্ধান্ত একান্তই ইরানের এবং অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। তিনি ট্রাম্পকে এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের জন্য এ অঞ্চলের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানান।
তেহরানের বাতাস নিশ্বাস নেওয়ার অনুপযুক্ত
গতকার শনিবার (৭ মার্চ) রাতে ইসরায়েল দুটি বড় অভিযান চালায়। এর মধে একটি হলো তেহরানের জ্বালানি ডিপোতে হামলা এবং আরেকটি হলো বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে আক্রমণ, যেখানে ইরানি কমান্ডাররা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তেহরানের আশপাশে পাঁচটি তেল স্থাপনায় হামলায় অন্তত চারজন নিহত হয়েছে এবং সেখানে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
এক কোটি মানুষের এই শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং পোড়া তেলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। কর্তৃপক্ষ এই ধোঁয়া বিষাক্ত হতে পারে বলে নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। ৩৫ বছর বয়সী একজন বাসিন্দা জানান, ‘আগুন ১২ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে, নিশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমনকি প্রয়োজনীয় বাজার করতেও বাইরে যেতে পারছি না।’
ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
যুদ্ধ আজ রোববার (৮ মার্চ) নবম দিনে গড়ালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের কাছে অন্তত ছয় মাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সরঞ্জাম রয়েছে। ইসরায়েলের তেল আবিবেও বেশ কিছু বিস্ফোরণ শোনা গেছে এবং দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, মধ্য-ইসরায়েলে ছয়জন আহত হয়েছে।
বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরান এ পর্যন্ত কেবল প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনগুলোতে তারা আরও ‘উন্নত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে। অন্যদিকে, সৌদি আরব রিয়াদ অভিমুখে আসা ড্রোন রুখে দিয়েছে, কুয়েত তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা জানিয়েছে এবং বাহরাইনের একটি পানি শোধন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
হতাহতের পরিসংখ্যান
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত অন্তত এক হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত এবং ১০ হাজার লোক আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় সেখানে ৩৯৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ৮৩ জন শিশু ও ৪২ জন নারী। এছাড়া দক্ষিণ লেবাননে দুইজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংকট উত্তরণের পথ অস্পষ্ট
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই সংঘাত থামানোর কোনো স্পষ্ট পথ এখনো দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের কাছে ‘গ্রহণযোগ্য’ কোনো নেতা এলে ইরানের অর্থনীতি পুনর্গঠন করা হবে। এদিকে চীন ও রাশিয়া অনেকটা পাশ কাটিয়ে চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিশ্ব জঙ্গল শাসনে ফিরে যেতে পারে না। অন্যদিকে, পোপ লিও চতুর্দশ বোমা ও অস্ত্রের গর্জন থামিয়ে সংলাপের পথ খোলার জন্য প্রার্থনা করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক