অন্য কোনো দেশকে যুদ্ধে না জড়াতে ইরানের আহ্বান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিশ্বের অন্যান্য দেশগুলোকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চলমান যুদ্ধের পরিধি বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
রোববার (১৫ মার্চ) প্রকাশিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বারোটের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাঘচি অন্য দেশগুলোকে ‘সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং এর বিস্তার ঘটাতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার’ আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আহ্বানের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করলেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থা রক্ষার জন্য অন্যান্য দেশের যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালীতে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে ইরানি হামলার হুমকির মুখে কার্যত বন্ধ হয়ে আছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ।
গতকাল শনিবার (১৪ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াকে একসঙ্গে যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালিকে সুরক্ষিত করার অনুরোধ জানান।
এর প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, তাদের বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করবে ও ফ্রান্সের অবস্থান কেবল ‘প্রতিরক্ষামূলক’।
ফ্রান্স স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক জোটে অংশ নেবে না।

এনটিভি অনলাইন ডেস্ক