উপসাগরীয় অঞ্চলে ইউক্রেনের ২০০’র বেশি সামরিক বিশেষজ্ঞ মোতায়েন
ইরানের ড্রোন হামলা মোকাবিলায় সহায়তা দিতে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে ২০০’র বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, বর্তমানে ২০১ জন অ্যান্টি-ড্রোন বিশেষজ্ঞ বিভিন্ন দেশে কাজ করছেন এবং আরও ৩৪ জন মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছেন। খবর আল জাজিরার।
জেলেনস্কি বলেন, এসব বিশেষজ্ঞ ইরান-নির্মিত ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় দক্ষ এবং ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবে কাজ শুরু করেছেন। পাশাপাশি তারা কুয়েতে যাওয়ার পথে রয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে এবং ইউক্রেন চায় না যে ইরানের ড্রোন হামলা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করুক।
জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইরানের কাছ থেকে এসব ড্রোন প্রযুক্তি পেয়েছে এবং পরবর্তীতে তা আরও উন্নত করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ব্যবহৃত কিছু ড্রোনে রাশিয়ার উপাদানও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন এখন প্রতিদিন প্রায় ২০০০ ড্রোন প্রতিরোধী ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম, যার একটি অংশ মিত্র দেশগুলোর সহায়তায় ব্যবহার করা যেতে পারে।
এদিকে, সফরকালে যুক্তরাজ্যের সঙ্গে ইউক্রেন একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ড্রোন প্রযুক্তি ও সামরিক সক্ষমতা আরও জোরদার করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক