স্বর্ণের দামে সুখবর
মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন। ফলে বুধবার (১৮ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। এদিন স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৯৮৪ দশমিক ২৯ ডলারে নেমেছে। খবর রয়টার্সের।
ওএএনডিএ-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘স্বর্ণের ভবিষ্যৎ গতিপথ মূলত ফেডের নির্দেশনার ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ফেড কি এ বছর সুদের হার কমানোর কথা ভাববে, নাকি অপরিবর্তিত রাখবে—সেটাই এখন দেখার বিষয়।’
ধারণা করা হচ্ছে, ফেড আজ তাদের নীতিগত সিদ্ধান্তে টানা দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।
সাধারণত মুদ্রাস্ফীতির সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে, তবে উচ্চ সুদের হার আবার এই ধাতুর আকর্ষণ কমিয়ে দেয়।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮ দশমিক ৪২ ডলারে নেমেছে। এছাড়া স্পট প্ল্যাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে দুই হাজার ৯৮ দশমিক ২০ ডলারে ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে এক হাজার ৫৮০ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক