ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য মহাবিপর্যয় : জার্মানি
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধকে বিশ্ব অর্থনীতির জন্য ‘মহাবিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই যুদ্ধের দ্রুত অবসান ও ‘কূটনৈতিক সমাধানের’ ওপর জোর দেন।
পিস্টোরিয়াস বলেন, একেবারে স্পষ্টভাবে বলতে চাই, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য এক মহাবিপর্যয়। মাত্র দুই সপ্তাহ পার হওয়ার মধ্যেই এর নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হয়ে উঠেছে। এই যুদ্ধ শুরুর আগে জার্মানির সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই জার্মানি এই সংঘাতে কোনোভাবেই জড়িয়ে পড়তে চায় না।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, জার্মানি শান্তি স্থাপনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি উভয় পক্ষকে দ্রুত যুদ্ধবিরতিতে আসার আহ্বান জানান।
পিস্টোরিয়াস সতর্ক করে দিয়ে বলেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন জার্মানি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো সামরিক কার্যক্রমে অংশ নেবে না। তার মতে, যেখানে মার্কিন নৌবাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে, সেখানে ইউরোপের কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়ে খুব বেশি কিছু অর্জন করা সম্ভব নয়। জার্মানির মূল লক্ষ্য হলো উত্তেজনা প্রশমনে অবদান রাখা। এই সহিংসতাকে আর ছড়িয়ে পড়া থেকে রোধ করা।

এনটিভি অনলাইন ডেস্ক