যুদ্ধ বন্ধের আশা ক্ষীণ, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাবের খবরে তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানের পক্ষ থেকে সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করায় বাজার আবার উত্তপ্ত হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়া। তেলের দাম বাড়ার পাশাপাশি এর নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। আজ লেনদেনের শুরুতেই জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কোস্পি এবং হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স বড় ধরনের পতনের মুখে পড়েছে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এই পরিস্থিতিকে বিশ্ব অর্থনীতির জন্য একটি ‘মহাবিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, যুদ্ধের এই প্রভাব ইতোমধ্যেই বিশ্বজুড়ে স্থায়ী মন্দার আশঙ্কা তৈরি করছে। একদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকি, অন্যদিকে যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন প্রশাসনের বড় অঙ্কের ফান্ড বরাদ্দের পরিকল্পনা—সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের চরম অনিশ্চয়তা কাজ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক