আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত ২
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর ৩ জন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। খবর আলজাজিরার।
বিবৃতি অনুযায়ী, আবুধাবির সুইহান স্ট্রিটে এই ঘটনা ঘটে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হলেও সেটির জ্বলন্ত ধ্বংসাবশেষ জনবহুল রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাণ হারান। আহত ৩ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবুধাবি কর্তৃপক্ষ এই ঘটনার পরপরই জরুরি পরিষেবা দলগুলোকে ঘটনাস্থলে মোতায়েন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সুইহান স্ট্রিটের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার করার কাজ চলছে।
মিডিয়া অফিস থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কেবল সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করেন। কোনো ধরনের গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক