হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান স্থল অভিযানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত ওই সৈন্যের নাম ওরি গ্রিনবার্গ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
২১ বছর বয়সী ওরি গ্রিনবার্গ ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ‘গোলানি ব্রিগেডের‘ রিকনেসান্স ইউনিটের একজন সদস্য ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধের সময় তিনি প্রাণ হারান। গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে এটি তৃতীয় ইসরায়েলি সেনা নিহতের ঘটনা।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা লেবাননে স্থল অভিযান আরও জোরদার করবে। কারণ হিসেবে তারা বলেছে, লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবাননের কিছু অংশ থেকে তাদের বিতাড়িত করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক