সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্য
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়েও কথা বলেন।
স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) মায়ামিতে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরই মধ্যে ট্রাম্পের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর আনাদোলুর।
বক্তব্যের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আমি সৌদি সফরে গিয়েছিলাম তখন সৌদির বাদশাহ আমাকে খুবই আপ্যায়ন করেছিল। এমনকি বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল থাকলেও আমাকে সঙ্গ দিয়েছেন। আমাকে ধরে বসা থেকে উঠেছেন। যা অন্য আর কোনো মার্কিন প্রেসিডেন্ট বা রাজনীতিবিদের সঙ্গে সৌদির বাদশাহ করেননি।
ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, সৌদি আরবের কর্মকর্তারা আমাকে বলেছেন, আমি ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্র ছিল মৃত দেশ। কিন্তু এখন এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয়েছে।
এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) বিষয়ে তাচ্ছিল্যের সঙ্গে দাবি করে ট্রাম্প বলেন, সৌদি আরবের নেতা মোহাম্মদ বিন সালমান এখন আমার প্রতি পূর্ণ অনুগত। তাকে আমার তোষামোদ করতেই হবে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, সে (এমবিএস) ভাবতেও পারেনি যে তাকে আমার পশ্চাৎদেশে চুমু খেতে হবে। সে ভেবেছিল আমি বোধহয় আগের অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতোই হব।
মায়ামির ওই ফোরামে ট্রাম্প আরও বলেন, এখন তাকে আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে এবং এটি করতে সে বাধ্য।
তবে একই বক্তব্যে ট্রাম্প সৌদি যুবরাজকে ‘অসাধারণ মানুষ’ ও ‘যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, তার নেতৃত্বে সৌদি আরব গর্ব করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক