ট্রাম্পের তদন্তে যুক্ত থাকায় বরখাস্ত এফবিআই এজেন্টদের মামলা
মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তিন সাবেক এজেন্ট তাদের বরখাস্তের বিরুদ্ধে মামলা করেছেন। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে তাদের চাকরি থেকে সরানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) দায়ের করা এই ক্লাস-অ্যাকশন মামলায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এফবিআই থেকে কর্মী ছাঁটাইয়ের ধারাবাহিকতার অংশ হিসেবেই তাদের বরখাস্ত করা হয়।
মামলার বাদী তিনজন হলেন- মিশেল বল, জেমি গারম্যান এবং ব্লেয়ার টলেম্যান। তারা অভিযোগ করেছেন, ২০২০ সালের নির্বাচনের পর ক্ষমতায় থাকার চেষ্টা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে যুক্ত থাকার কারণেই তাদের চাকরি হারাতে হয়েছে।
তারা বলেন, এফবিআইয়ের পেশাদার কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করেন এবং কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানোর বাধ্যবাধকতা নেই।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এফবিআই এজেন্ট হিসেবে দেশের সেবা করা আমাদের জীবনের সর্বোচ্চ সম্মান ছিল। আমরা সংবিধান রক্ষার শপথ নিয়েছি এবং সত্য অনুসরণ করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বরখাস্ত করা হয়েছে।
৪৮ পৃষ্ঠার মামলার নথিতে উল্লেখ করা হয়, গত বছরের অক্টোবর ও নভেম্বরে হঠাৎ করেই তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, যা তারা ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন।
বরখাস্তের চিঠিতে তাদের বিরুদ্ধে সরকারি পদ ‘অপব্যবহার’ করার অভিযোগ আনা হয়—যা তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এই তিন এজেন্ট বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ পরিচালিত তদন্তে সহায়তা করেছিলেন। ওই তদন্তে ট্রাম্পের বিরুদ্ধে ২০২৩ সালে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছিল।
তবে ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নীতিমালার কারণে সেই মামলা প্রত্যাহার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ‘রাজনৈতিক আনুগত্য’ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীতে হস্তক্ষেপ করেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলা সফল হলে একই ধরনের অভিযোগে বরখাস্ত হওয়া আরও অনেক এফবিআই কর্মীর জন্য আইনি লড়াইয়ের পথ খুলে যেতে পারে।
এর আগে ২০২০ সালে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় হাঁটু গেড়ে প্রতিবাদ করার কারণে বরখাস্ত হওয়া ১২ জন সাবেক এফবিআই কর্মীও সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক