এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
ইরান-ঘনিষ্ঠ একদল হ্যাকার দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে সফলভাবে প্রবেশ করেছে এবং অনলাইনে এই মার্কিন কর্মকর্তার বিভিন্ন ছবি ও নথিপত্র ছড়িয়ে দিয়েছে।
‘হান্দালা হ্যাক টিম’ শুক্রবার (২৭ মার্চ) জানায়, কাশ প্যাটেল এখন ‘সফলভাবে হ্যাক হওয়া ভুক্তভোগীদের তালিকায় নিজের নাম খুঁজে পাবেন।’ সংবাদ সংস্থা রয়টার্স এবং সিএনএন অজ্ঞাতনামা নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। খবর আলজাজিরার।
এই হ্যাকিংয়ের মাধ্যমে এক দশকেরও বেশি পুরনো কিছু নথি ফাঁস করা হয়েছে বলে মনে হচ্ছে। কিছু ইমেইলে প্যাটেলের ভ্রমণ এবং ব্যবসায়িক চিঠিপত্র দেখা গেছে। অন্যগুলোর মধ্যে রয়েছে একটি অ্যান্টিক স্পোর্টস কনভার্টিবল গাড়ির পাশে দাঁড়ানো প্যাটেলের ছবি। এছাড়া মুখে চুরুট নিয়ে পোজ দেওয়া এবং হাতে রামের বোতল নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ছবিও রয়েছে।
কাশ প্যাটেল হলেন এফবিআই-এর নবম পরিচালক এবং তিনি ২০২৫ সালে তার মেয়াদ শুরু করেন। তবে তার নেতৃত্ব শুরু থেকেই বিতর্কে ঘেরা। সমালোচকরা তার বিরুদ্ধে ব্যক্তিগত ভ্রমণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য এই কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে (এফবিআই) অপব্যবহারের অভিযোগ তুলেছেন।
হ্যাকিং গ্রুপটি নিজেদের ফিলিস্তিনপন্থি ‘হ্যাকিং ভিজিল্যান্টি’ হিসেবে পরিচয় দেয় এবং সম্প্রতি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্ট্রাইকার’-এর ওপর সাইবার হামলার দায়ও তারা স্বীকার করে।
পশ্চিমা গবেষকরা বলছেন, এই গ্রুপটি ইরানি সাইবার ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত। গ্রুপটির দাবি—দক্ষিণ ইরানের মিনাবে শিশুদের একটি বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হ্যাকিং করেছে। ওই হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের অধিকাংশ ছিল স্কুলছাত্রী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে পশ্চিমা অর্থনৈতিক স্বার্থের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ইরান সম্প্রতি সাইবার হামলা বাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। হ্যাকারদের গ্রুপটি জানিয়েছে, তাদের এই অভিযান ‘সাইবার যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা’।

এনটিভি অনলাইন ডেস্ক