এফবিআই প্রধান কাশ প্যাটেলের ভিডিও ভাইরাল, যা জানা গেল
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে ১৯৮৫ সালের বলিউড গান ‘সুন সাহেবা সুন’-এর তালে নাচতে দেখা যায়।
ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ভিডিওটি নাকি এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট থেকে ফাঁস হয়েছে। এসব পোস্টে আরও বলা হয়, ফিলিস্তিনপন্থী হ্যাকার গ্রুপ হান্দালা হ্যাক টিম তার ইমেইল হ্যাক করার পর এই ভিডিওটি প্রকাশ করে। খবর জি নিউজের।
ভিডিওটি ঘিরে অনলাইনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ভিডিওতে থাকা ব্যক্তি কি সত্যিই কাশ প্যাটেল? আবার অনেকে এ দাবিকে সন্দেহের চোখে দেখেছেন।
তবে জি নিউজের অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২১ সাল থেকে ইন্টারনেটে থাকা একটি পুরনো ভিডিও, যা ইউটিউবে আপলোড করা হয়েছিল। মূল ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি তার স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার আনন্দে নাচছেন, আর পেছনে তার বন্ধুরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভিডিওটির সঙ্গে কাশ প্যাটেলের কোনো সম্পর্ক নেই এবং এটি সামাজিক মাধ্যমে ছড়ানো একটি বিভ্রান্তিকর দাবি।

এনটিভি অনলাইন ডেস্ক