৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবফ দাবি করেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছায় সামরিক সেবায় অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছেন। খবর বিবিসির।
স্পিকার গালিবফ বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় আন্দোলন’-এর ফলে লাখ লাখ ইরানি অস্ত্র হাতে তুলে নিতে ও জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা করেছেন। প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে গালিবফ বলেন, ‘আমরা আগেও এটা করেছি এবং আবারও করতে প্রস্তুত। তোমরা আমাদের ঘরে এলে পুরো পরিবারের মুখোমুখি হবে। এগিয়ে এসো।’
এদিকে, ইরানের ভেতরে বিভিন্ন কৌশলগত অবস্থানে হামলা অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কারাজ শহরের বাসিন্দারা জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় শহরটি ‘কঠোরভাবে ক্ষতিগ্রস্ত’ হচ্ছে।
বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহগুলোতে ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর’ আঘাত হানবে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের উদ্দেশ্যগুলো শিগগিরই পূরণ করা হবে।
এর জবাবে ইরান এই হামলাগুলোকে ‘তুচ্ছ’ বলে অভিহিত করেছে। তবে একই সঙ্গে তারা ‘ব্যাপকতর’ ও ‘চূর্ণকারী’ প্রতিশোধ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক