আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত, নিশ্চিত করল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ইরান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, হামলায় মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমী শহীদ হয়েছেন।
ইসরায়েলি হামলায় জেনারেল মোহাম্মদ কাজেমী নিহত হওয়ার পর ২০২৫ সালের জুন মাসে খাদেমীকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি নিহত হয়েছে।
ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক