যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়’: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা সাময়িক স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন করে। তবে এই যুদ্ধবিরতি লেবাননে কার্যকর হবে না। খবর আল জাজিরার।
নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় ইরানকে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি থেকে বিরত রাখতে কাজ করবে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সব অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে নেতানিয়াহুর বক্তব্যে সেই দাবির সঙ্গে স্পষ্ট অসঙ্গতি দেখা গেল।
গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করলে লেবাননও এই সংঘাতে জড়িয়ে পড়ে। তারা দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের পর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে ১৫০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েল সামরিক অভিযানও চালাচ্ছে এবং সেখানে একটি ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক