হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সদ্য ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জমে থাকা জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।
আজ বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এখানে অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে। বড় অঙ্কের অর্থনৈতিক কার্যক্রম হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের সরবরাহ নিয়ে ওই এলাকায় অবস্থান করবে, যাতে পরিস্থিতি স্বাভাবিকভাবে পরিচালিত হয় এবং জাহাজ চলাচল নির্বিঘ্ন থাকে। খবর আনাদোলুর।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হবে। তবে তিনি ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত দিয়েছিলেন, অন্যথায় জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দেন।
ট্রাম্প এই পরিস্থিতিকে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য সোনালি যুগ হিসেবে উল্লেখ করেন এবং এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। এতে এখন পর্যন্ত ১৪০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক