যুদ্ধবিরতির ছয় মাস পরও গাজায় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে ইসরায়েলি বাধা
গত বছরের ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির ছয় মাস পূর্ণ হতে চললেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় জীবনরক্ষাকারী চিকিৎসা ও মানবিক সহায়তা পৌঁছাতে এখনও বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক দাতা সংস্থা ‘মেডিকেল এইড ফর ফিলিস্তিনিয়ানস’ এই চিত্র তুলে ধরেছে। খবর আলজাজিরার।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলি অবরোধের কারণে গাজার হাসপাতাল ও ক্লিনিকগুলো ভয়াবহ সংকটের মধ্য দিয়ে চলছে। বর্তমানে গাজায় অর্ধেকের বেশি প্রয়োজনীয় ওষুধের মজুত পুরোপুরি শেষ হয়ে গেছে। বিশেষ করে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের ৬৪ শতাংশই এখন গাজায় মিলছে না।
আরও পড়ুন : হরমুজ প্রণালিতে দিনে নির্দিষ্ট সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান
আরও পড়ুন : ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
এমএপি জানিয়েছে, গাজার মোট হাসপাতালের প্রায় অর্ধেক এখনও পুনরায় কার্যক্রম শুরু করতে পারেনি। বর্তমানে গাজায় এমন একটি হাসপাতালও নেই যা পুরোপুরি সচল। এছাড়া, খুচরা যন্ত্রাংশ ও জ্বালানি তেল প্রবেশে বাধা দেওয়ায় হাসপাতালের অন্তত ৯০টি জেনারেটর বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গাজায় বর্তমানে ১৮ হাজার ৫০০ জনেরও বেশি গুরুতর অসুস্থ রোগী রয়েছেন, যাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। এই রোগীদের মধ্যে প্রায় ৪ হাজার শিশু রয়েছে। তবে ইসরায়েলি বিধিনিষেধের কারণে এই স্থানান্তর প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এই অবরোধ অব্যাহত থাকলে গাজায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হবে। বিশ্ব সম্প্রদায়কে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে এবং নির্বিঘ্নে ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে দাতা সংস্থাগুলো।

এনটিভি অনলাইন ডেস্ক