যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন : রিপোর্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নাজুক যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও আগামী সপ্তাহগুলোতে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। আজ শনিবার (১১ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
প্রতিবেদনে দাবি করা হয়, ইরান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে মিত্র দেশগুলোর সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুত পুনরায় বৃদ্ধি করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, বেইজিং অস্ত্রের চালানগুলোর প্রকৃত উৎস গোপন করার জন্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে বলে কিছু তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা ম্যানপ্যাড নামে পরিচিত।
পাঁচ সপ্তাহব্যাপী যুদ্ধ চলাকালে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো নিচু দিয়ে উড়ে যাওয়া মার্কিন সামরিক বিমানগুলোর জন্য অপ্রতিরোধ্য হুমকি সৃষ্টি করেছিল। তাই যুদ্ধবিরতি ভেঙে গেলে আবারও এ হুমকির সৃষ্টি হতে পারে।
ওয়াশিংটনে থাকা চীনের দূতাবাসের একজন মুখপাত্র বলেন, চীন এই যুদ্ধে কোনো পক্ষকেই কখনো অস্ত্র সরবরাহ করেনি। প্রশ্নবিদ্ধ এই তথ্যটি অসত্য।
চীনা দূতাবাসের ওই মুখপাত্র বলেন, দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন ধারাবাহিকভাবে তার আন্তর্জাতিক দায়-দায়িত্ব পালন করে আসছে। আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ করা, বিদ্বেষ থেকে যোগসূত্র স্থাপনের চেষ্টা করা এবং চাঞ্চল্যকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর কয়েক সপ্তাহ পর গত বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ইরান সরকারের তথ্যমতে, যুদ্ধে প্রায় তিন হাজার ইরানি নিহত হয়েছে। অপরদিকে, এই যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া জ্বালানি তেল পরিবহণের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি অচল হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক