পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে ‘স্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্তরাষ্ট্র
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র একটি ‘স্পষ্ট ও নিশ্চিত অঙ্গীকার’ চাইছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরান ঠিক কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে- এ বিষয়ে বিস্তারিত না বললেও ভ্যান্স বলেন, ওয়াশিংটনের মূল দাবি হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে। খবর আল জাজিরার।
ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের পথে যাবে না এবং এমন কোনো প্রযুক্তিও অর্জন করবে না, যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সহায়তা করতে পারে। আমাদের এ বিষয়ে একটি স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। এটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য এবং আমরা আলোচনার মাধ্যমে সেটিই অর্জনের চেষ্টা করছি।
ভ্যান্স আরও দাবি করেন, ইরানের বিদ্যমান পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলো ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।
তবে তিনি প্রশ্ন তোলেন, মূল বিষয় হলো- আমরা কি ইরানের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি একটি প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, যাতে তারা শুধু এখন নয়, ভবিষ্যতেও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না? এখনও আমরা সেই অঙ্গীকার দেখিনি, তবে আমরা আশা করছি তা পাওয়া যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।

এনটিভি অনলাইন ডেস্ক