দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা নিহত, আহত ৯
লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ইসরায়েলের এক রিজার্ভ সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
আজ রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ৩১ বছর বয়সী মাস্টার সার্জেন্ট লিডর পোরাত একটি ঘটনায় নিহত হয়েছেন। একই ঘটনায় আরও নয়জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। খবর আনাদোলুর।
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার পর এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাত থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা যুদ্ধবিরতি মেনে নিলেও দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে সেনা উপস্থিতি বজায় রাখবে।
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে, যা তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে করা হচ্ছে বলে দাবি করছে।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নামে নতুন একটি সামরিক সীমারেখা স্থাপনের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এটিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যবহৃত একই ধরনের কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক