‘ইরান কখনোই হরমুজ প্রণালি হাতছাড়া করবে না’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব এখন এমন এক অবস্থায় ঠেকেছে, যেখানে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে ও পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দ্রু হুদিসতেনুর মতে, বাণিজ্যিক জাহাজ চলাচলকে জিম্মি করে উভয় পক্ষই এমন চাপ প্রয়োগের কৌশল নিয়েছে যা পরিস্থিতিকে পুনরায় ‘শূন্যবিন্দু’তে নামিয়ে এনেছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুদিসতেনু বলেন, ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দেওয়ার যে পদক্ষেপ নিয়েছিল, তা ছিল একটি পরিকল্পিত চাল। তেহরান এর মাধ্যমে সদিচ্ছা দেখাতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটনের কাছ থেকে যথাযথ সাড়া না পাওয়ায় তারা দ্রুত সেই অবস্থান থেকে সরে আসে। তিনি বলেন, ‘ইরান সদিচ্ছা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র প্রতিদান না দেওয়ায় তারা তা সঙ্গে সঙ্গে প্রত্যাহার করে নেয়।’
এই বিশ্লেষক যুক্তি দেন যে, তেহরান কখনোই এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া করবে না। তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, ইরান কখনোই হরমুজ প্রণালিকে তাদের হাতছাড়া করতে যাচ্ছিল না, কারণ প্রকৃতপক্ষে এটিই তাদের হাতে থাকা একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব কৌশল প্রয়োগ করছে। ওয়াশিংটনের এই নৌ অবরোধকে ‘জবরদস্তিমূলক কূটনীতি’ হিসেবে অভিহিত করেছেন হুদিসতেনু। তাঁর মতে, এই অবরোধ আসলে আলোচনার টেবিলে ইরানকে চাপে ফেলার একটি বিকল্প মাধ্যম। যুক্তরাষ্ট্র চাইছে অবরোধের মাধ্যমে ইরানকে তাদের দাবি মানতে বাধ্য করতে।
বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। বিশ্লেষকের মতে, কয়েক দিনের টানাপোড়েন শেষে পরিস্থিতি কার্যত আগের অবস্থানেই ফিরে গেছে। ফলে জাহাজগুলোর জন্য ঝুঁকি হ্রাসের যে আশা তৈরি হয়েছিল, তা এখন ম্লান হয়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক