হল অব পিপলে যেভাবে ট্রাম্পকে বরণ করলেন শি জিনপিং
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুই নেতার এই সাক্ষাৎকে ঘিরে বেইজিংয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খবর আলজাজিরার।
গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানার’ বাজানো হয়, যা ট্রাম্প স্যালুট দিয়ে সম্মান জানান। এ সময় একটি লাল ও সোনালি রঙের মঞ্চে তার পাশেই দাঁড়িয়ে ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
গ্রেট হলের সিঁড়িতে সমবেত দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ট্রাম্প ও শি। এই বর্ণাঢ্য আয়োজনে উজ্জ্বল পোশাক পরিহিত কয়েক ডজন চীনা স্কুলশিক্ষার্থী অংশ নেয়, যারা দুই দেশের পতাকা ও ফুল নেড়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিবাদন জানায়।
অভ্যর্থনা অনুষ্ঠান শেষে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গ্রেট হল অব দ্য পিপলের ভেতরে প্রবেশ করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও ভূ-রাজনৈতিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক