শি জিনপিং ‘আমার বন্ধু’ : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় দুই নেতার মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ফুটে উঠেছে। ভোজসভার উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে ‘আমার বন্ধু’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। খবর আল জাজিরার।
বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকেই বিদ্যমান। তিনি সেই প্রথমদিকের আমেরিকান ব্যবসায়ীদের কথা স্মরণ করেন, যারা চীনে এসেছিলেন ও চীনাদের কাছে ‘নতুন জনগোষ্ঠী’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ট্রাম্পের মতে, এই দীর্ঘ ঐতিহাসিক ভিত্তিই বর্তমান সম্পর্ককে মজবুত করেছে।
ভোজসভায় ট্রাম্পের আগে বক্তব্য দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ‘চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ উভয়ই মহান জাতি। চীনের মহান জাতির পুনরুজ্জীবন ও আমেরিকাকে পুনরায় মহান করে তোলা—এই দুটি বিষয় একসঙ্গেই সম্ভব।’ তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
শি জিনপিং আরও যোগ করেন, দুই দেশ একে অপরকে সফল হতে ও সমগ্র বিশ্বের কল্যাণে সহায়তা করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক