সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো চুক্তি নয় : পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি বাধ্যতামূলক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে ঘোষণা করেছেন তিনি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।
দেশের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এমন যেকোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভেদ সৃষ্টি করে, তা কার্যত শত্রুর স্বার্থকেই চরিতার্থ করে।
ইরানের নীতি নির্ধারণী প্রক্রিয়ার স্পষ্ট রূপরেখা তুলে ধরে মাসুদ পেজেশকিয়ান বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোর বাইরে এবং সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না। রাষ্ট্র পরিচালনার জন্য একক সিদ্ধান্ত ও যৌথ বা সম্মিলিত আনুগত্য অপরিহার্য।
এদিকে আজ ভারতের রাজধানী নয়া দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই মুহূর্তে পারমাণবিক ইস্যু নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তবে যেকোনো চূড়ান্ত চুক্তির জন্য তেহরানকে অবশ্যই শর্তসমূহ মেনে নিতে হবে এবং সেগুলোর প্রতি পূর্ণ আনুগত্য দেখাতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক