যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি এখনও প্রক্রিয়াধীন : মার্কো রুবিও
ইরানের পরমাণু কর্মসূচি ও অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে তেহরানের সামনে ‘সুনির্দিষ্ট’ প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই প্রস্তাবের আওতায় ইরান নির্দিষ্ট সময়ের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ ও বাস্তবসম্মত আলোচনায় বসার সুযোগ পাবে।
আজ সোমবার (২৫ মে) নয়া দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবর আলজাজিরার।
মার্কো রুবিও বলেন, আমরা আশা করছি এই চুক্তিটি সফলভাবে সম্পন্ন করতে পারব। পারস্য উপসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক মহলেও এই প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে। যে সব দেশের সামনে আমরা এই প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছি, তারা প্রত্যেকেই একবাক্যে স্বীকার করেছে এটি কেবল যুক্তিসঙ্গত নয়, বরং বর্তমান বিশ্বের শান্তির জন্য সবচেয়ে সঠিক পদক্ষেপ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, চুক্তি সম্পাদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো তাড়াহুড়ো নেই। প্রেসিডেন্ট কোনো অবস্থাতেই একটি খারাপ বা দুর্বল চুক্তি করবেন না। সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে। আমরা অন্য কোনো বিকল্প বা কঠোর পদক্ষেপের কথা ভাবার আগে কূটনীতিকে সফল হওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের সুযোগ দিতে চাই।
চুক্তি চূড়ান্ত হতে কোথায় বাধা সৃষ্টি হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কো রুবিও সরাসরি ইরানকে ইঙ্গিত করে বলেন, সমস্যাটি মূলত ইরানের পক্ষ থেকে সাড়া দেওয়ার ক্ষেত্রে। আমাদের দেওয়া প্রস্তাবের বিপরীতে তাদের চূড়ান্ত জবাবের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মূলত ইরানের জবাব দিতে কিছুটা বেশি সময় লাগছে।
পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি আবারও বলছি, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ত্রুটিপূর্ণ চুক্তিতে সই করবেন না—এটা নিশ্চিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সেই বিবৃতির পিঠেই এল, যেখানে পেজেশকিয়ান বলেছিলেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া আমেরিকার সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয়।

এনটিভি অনলাইন ডেস্ক