ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও-এর উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ হাজার পরিবার।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অধিকাংশ সতর্কতা প্রত্যাহার বা শিথিল করা হয়েছে। খবর বিবিসির।
ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে ৩১ জন সোক্সকারগেন অঞ্চলের এবং চারজন দাভাও রিজিওন এলাকার বাসিন্দা।
ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনপ্রিয় ফাস্টফুড প্রতিষ্ঠান জোলিবির একটি শাখা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয় প্রশাসনের তথ্য যাচাই করে চূড়ান্ত হতাহতের সংখ্যা প্রকাশ করবে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে সরকারি সংস্থাগুলো।
মার্কোস জুনিয়র বলেন, জাতীয় সরকার দ্রুত কাজ করছে এবং আমরা মিন্ডানাওকে একা ছেড়ে দেব না।
ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ফিলিপাইনে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই ঘটে।
ভূমিকম্পের পর অন্তত ১৩০টির বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ১.৩ থেকে ৬.৭ পর্যন্ত। এছাড়া রাতে বালুত দ্বীপ উপকূলীয় এলাকায় ৫.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইন পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর অন্যতম প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত বছর দেশটির মধ্যাঞ্চলীয় ভিসায়াস অঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে ক্ষুদ্রাকৃতির সুনামি ঢেউ আঘাত হানলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ইন্দোনেশিয়া, পালাউ ও ফিলিপাইনের বিভিন্ন উপকূলে কয়েক সেন্টিমিটার থেকে ১.৪ মিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক