ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
ফিলিপাইনের পর্যটনভিত্তিক প্রদেশ পালাওয়ানের উপকূলে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৮৭ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফিলিপাইন কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপির এ তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানান, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী ম্যানিলার বাসেকো বন্দর থেকে ছেড়ে আসা ফেরিটি পালাওয়ান প্রদেশের পর্যটন এলাকা কোরোনের দিকে যাওয়ার সময় উপকূল থেকে প্রায় ২.২ কিলোমিটার (১.৩ মাইল) দূরে হঠাৎ আগুনে শিখায় দাউদাউ করে জ্বলতে শুরু করে।
জাহাজের যাত্রী তালিকা অনুযায়ী, ফেরিটিতে মোট ১৩৪ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু। ফিলিপাইন কোস্ট গার্ড এবং স্থানীয় উদ্ধারকারী দল এ পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার পাওয়াদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ফিলিপাইন কোস্ট গার্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, গোটা ফেরিটি আগুনের তীব্র শিখায় ঢেকে গেছে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলো বডি ব্যাগে তুলছেন।
কোস্ট গার্ডের কর্মকর্তা কায়াবিয়াব রেডিও স্টেশনকে জানান, জীবিত ও উদ্ধার হওয়া হতাহতদের তথ্যের ভিত্তিতে এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজ ও নিহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
কী কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ। বহু দ্বীপের দেশ ফিলিপাইনে প্রায়ই নিম্নমানের ব্যবস্থাপনা, অতিরিক্ত যাত্রী পরিবহণ এবং ঝোড়ো আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক