গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ৫৯৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ও আঘাতজনিত কারণে অন্তত আরও ছয় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর মাসে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮০ জনে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৫৯৪ জনে।
শনিবার (৩১ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত দুই দিনে নতুন করে চারজন নিহত হয়েছেন এবং আগে হামলায় আহত হওয়া দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া এই একই সময়ে আরও ২৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
২০২৫ সালের ১১ অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৭১১ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভেরিফিকেশন কমিটির অনুমোদন এবং তথ্য যাচাই সম্পন্ন হওয়ায় আরও ১৮ জনের নাম মোট নিহতের তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে। গত ২৪ অক্টোবরের পর নিহতের তালিকায় এটিই প্রথম সংযোজন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যামূলক হামলায় মোট নিহতের সংখ্যা অন্তত ৭৪ হাজার ৫৯৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৮৩৪ জনেরও বেশি ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারী দল বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছে না।

এনটিভি অনলাইন ডেস্ক