উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভি আর নেই
ভারতের প্রখ্যাত ইসলামিক স্কলার, গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা সৈয়দ সালমান হুসাইনি নদভি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার (২৯ জুন) ভোরে উত্তর প্রদেশের লখনৌতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সালমান হুসাইনি নদভির ছেলে ইউসুফ হুসাইনি জানান, আজ সোমবার ভোর রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৫৪ সালে লখনৌয়ের এক বিখ্যাত আলেম পরিবারে জন্ম নেন সালমান হুসাইনি নদভি। তিনি লখনৌয়ের বিখ্যাত বিদ্যাপীঠ ‘দারুল উলুম নদওয়াতুল উলামা’ থেকে প্রাথমিক শিক্ষা ও হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সৌদি আরবের বিখ্যাত ‘ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়’ থেকেও উচ্চতর ডিগ্রি নেন। দেশে ফিরে তিনি নদওয়াতুল উলামার শিক্ষক হিসেবে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে প্রতিষ্ঠানটির ‘দাওয়াহ ও শরিয়াহ’ অনুষদের ডিন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
সালমান হুসাইনি নদভি আরবি ও উর্দু ভাষায় ইসলামি ধর্মতত্ত্ব, হাদিস, ইতিহাস ও সমসাময়িক বিষয়ের ওপর বহু মূল্যবান বই ও গবেষণাপত্র লিখেছেন। মুসলিম তরুণদের শিক্ষামূলক ও সামাজিক কাজে যুক্ত করতে তিনি ‘জমিয়ত শাবাব-উল-ইসলাম’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এর সভাপতি ছিলেন। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আজ সোমবার বিকেল ৫টায় লখনৌয়ের কাছে মালিহাবাবাদে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর ছেলে ইউসুফ বলেন, বাবার শেষ ইচ্ছা অনুযায়ীই মালিহাবাবাদের ওই প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে। তিনি সারাজীবন মানুষকে মানবতার সেবা ও অভাবীদের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক