ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু
দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে ইরান ও কাতারের মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্য বা নৌ-যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক দূত আব্বাস আব্দুলখানি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর মিডলইস্ট আইয়ের।
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় চার মাসব্যাপী রক্তক্ষয়ী সামরিক সংঘাতের অবসান ঘটে। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পারস্য উপসাগরে যুদ্ধপূর্ববর্তী স্বাভাবিক নৌ-চলাচল ও সামুদ্রিক ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনা। যদিও উপসাগরে ঢোকা ও বের হওয়ার নৌপথগুলোর নিয়ন্ত্রণ নিয়ে এখনও কিছুটা বিতর্ক ও উত্তেজনা রয়ে গেছে। তবে এর মাঝেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই বাণিজ্যিক পথটি সচল হলো।
আব্বাস আব্দুলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের মধ্যে নিবিড় সমন্বয়ের পর ইরানের ‘দাইয়ের বন্দর’ এবং কাতারের ‘আল-রুওয়াইস বন্দরের’ মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভৌগোলিক ও কৌশলগতভাবে পারস্য উপসাগরের দুই বিপরীত প্রান্তে অবস্থিত এই দুটি বন্দর মূলত আঞ্চলিক বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন ইরানের দাইয়ের বন্দরটি বেশ কয়েকবার মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছিল। এই বাণিজ্য পথটি পুনরায় চালু হওয়াকে মধ্যপ্রাচ্যের অর্থনীতি সচল হওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এনটিভি অনলাইন ডেস্ক