আন্দোলনের সমর্থনে পোস্ট সরাতে শিক্ষার্থীদের নির্দেশ আইআইটি মাদ্রাজের
দিল্লির জন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আইআইটি মাদ্রাজের এক শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে পোস্ট করা আন্দোলন-সমর্থনকারী ভিডিও মুছে ফেলতে বলেছে। খবর এনডিটিভির।
ওই শিক্ষার্থীর দাবি, প্রতিষ্ঠানের ডিনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের পাঠানো এক বার্তায় বলা হয়, ডিন আমাদের জন্তর মন্তরের আন্দোলনসংক্রান্ত পোস্টগুলো সরিয়ে ফেলতে বলেছেন। আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজারকে ডাকা হয়েছিল। তাই সংহতির ভিডিওসহ সংশ্লিষ্ট পোস্টগুলো আমরা সরিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওটি তৈরিতে আপনারাও অংশ নিয়েছিলেন, তাই বিষয়টি আপনাদের জানানো প্রয়োজন মনে করেছি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আইআইটি মাদ্রাজের কয়েকজন শিক্ষার্থী ‘জন্তর মন্তরের আন্দোলনের প্রতি সংহতি’, ‘সোনম ওয়াংচুক ও অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি’ এবং ‘শিক্ষার্থীদের জীবনও গুরুত্বপূর্ণ’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয় বলে জানা গেছে।
ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। আন্দোলনের সূচনা হয় ব্যঙ্গধর্মী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার মাধ্যমে। পরে সমাজকর্মী সোনম ওয়াংচুক জন্তর মন্তরে অনশন শুরু করলে আন্দোলন আরও গতি পায়।
গত ২০ জুলাই হাজারো শিক্ষার্থী দিল্লির আন্দোলনে যোগ দেন। একই সঙ্গে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরেও শিক্ষার্থীদের বড় সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তবে আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে শিক্ষার্থীদের পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক