মূল্যস্ফীতির আশঙ্কায় আরও কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। ফেডের পরবর্তী মুদ্রানীতি সংক্রান্ত সংকেত পেতে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদনের দিকে নজর রাখছেন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববাজারে (স্পট মার্কেট) স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৩৮৫ দশমিক ০৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম এক শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৩০ দশমিক ১০ ডলারে স্থিতি পায়।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্টোন এক্স-এর জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ডেনিয়েল প্যাভিলোনিস বলেন, সুদের হার বৃদ্ধির উচ্চ সম্ভাবনার কারণে বাজার কিছুটা চাপে রয়েছে, যা স্বর্ণের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে।
এদিকে মধ্যপ্রাচ্যে ইয়েমেনের তেহরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বেশ কিছু কৌশলগত জ্বালানি স্থাপনায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধের’ হুমকি দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে- যা গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ। তেলের এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা বাড়িয়েছে।
আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান জ্যানার মেটালস-এর ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ ধাতু কৌশলবিদ পিটার গ্রান্ট জানান, তেলের চড়া দামের কারণে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির ভয় বাড়ছে, যা মূলত আগামী সেপ্টেম্বরের নীতি নির্ধারণী বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে সমর্থন যোগাচ্ছে।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর স্পট গোল্ডের দাম আড়াই শতাংশ পর্যন্ত কমেছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত থাকে, যা মার্কিন শ্রমবাজার শক্তিশালী থাকার ইঙ্গিত দেয়।
সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার অপরিশোধিত বা অ-সুদযুক্ত স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দেয়।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রূপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম এক দশমিক ১ শতাংশ বেড়ে এক হাজার ৮৪৩ দশমিক ৯৯ ডলারে উঠলেও প্যালাডিয়ামের দাম ২ দশমিক পাঁচ শতাংশ কমে এক হাজার ৩৫৪ দশমিক ১৫ ডলারে নেমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক