সুদের হার বৃদ্ধির শঙ্কায় আরও কমলো স্বর্ণের দাম
মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকদের ধারাবাহিক কঠোর মনোভাব ও সুদের হার দীর্ঘ সময় চড়া থাকার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আরও এক দফা স্বর্ণের দরপতন ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৩২১ দশমিক ৭৪ ডলারে নেমে এসেছে। খবর রয়টার্সের।
সিএমই ফেডওয়াচ টুলের মতে, ডিসেম্বরের মধ্যে ফের সুদের হার বাড়ার সম্ভাবনা এখন ৯০ শতাংশে পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল ৮০ শতাংশ। সুদের হার বেশি থাকলে সুদমুক্ত ধাতু হওয়ায় স্বর্ণতে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার বা রূপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়াম ০.৩ শতাংশ কমে এক হাজার ২৯৭ দশমিক ২৮ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম এক হাজার ৭৯৪ দশমিক ০৩ ডলারে অপরিবর্তিত আছে।
এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর ইতিবাচক বার্তা দিলে তেহরান সাত দিনের মধ্যে কৌশলগত ‘হরমুজ প্রণালী’ আবার খুলে দিতে পারে। এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। পাশাপাশি ইয়েমেনে লোহিত সাগর উপকূলীয় এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের নতুন করে সংঘর্ষ চললেও, হুতিদের ওপর মার্কিন বিমান হামলা শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থগিত করেছেন বলে জানা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক