প্রতিরোধ ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছে ইসরায়েল : হিজবুল্লাহ প্রধান
ইসরায়েলের প্রতিরোধ হিজবুল্লাহকে গুঁড়িয়ে দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির বর্তমান প্রধান নাইম কাশেম।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের দুই বছর উপলক্ষে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নাইম কাশেম এ কথা বলেন। খবর আলজাজিরার।
ভাষণে নাইম কাশেম বলেন, ইসরায়েল ও তাদের সেনারা প্রতিরোধ ভেঙে ফেলা, আমাদের অস্তিত্ব ধ্বংস করা, লেবানন দখল বজায় রাখা কিংবা এখানে ইহুদি বসতি স্থাপনের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের সম্পাদিত চুক্তির তীব্র সমালোচনা করেন। এ সময় ওয়াশিংটনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ আনেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে বর্তমানে বিশ্বব্যাপী ন্যায্য বিচারব্যবস্থা বা আন্তর্জাতিক আইনের আর কোনো তোয়াক্কা করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
ভাষণকালে হিজবুল্লাহ প্রধান সংগঠনটির প্রতি নিরবচ্ছিন্ন সহায়তা ও সমর্থনের জন্য ইরান সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর তৎকালীন শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক