বিচ্ছেদের আনন্দে কেক কেটে পার্টি, বললেন ‘বিয়ের চেয়েও ভাল’
উদযাপনের উপলক্ষ নিয়ে মানুষের রয়েছে ভিন্ন আঙ্গিকে নিজস্ব সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তির বিচার ও বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখলে এমন অনেক ঘটনার সাক্ষী হতে হয় আমাদের। এমন এক ঘটনায় বিবাহবিচ্ছেদ উদযাপন করতে বিয়ের আদলে পার্টির আয়োজন করে ভাইরাল হয়েছেন ৩৭ বছর বয়সী এক দক্ষিণ কোরীয় নারী।
যমজ সন্তানের সিঙ্গেল মাদার চো সিউং ইয়ন সিউলে প্রায় ৩০ জন বন্ধুকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ঝলমলে রুপালি গাউন, কেক, বক্তৃতা এবং আনন্দ-উৎসবের সব ব্যবস্থাই ছিল।
অনলাইনে বিশেষ সেই মুহূর্তটি শেয়ার করে চো সিউং ইয়ন তাঁর বিবাহবিচ্ছেদের এই অনুষ্ঠানটিকে নিজের বিয়ের অনুষ্ঠানের চেয়েও সেরা হিসেবে বর্ণনা করেছেন।
চো সিউং জানান, এই উদযাপনের মূল উদ্দেশ্য ছিল নিজের আত্মপরিচয় ফিরে পাওয়া, যাঁরা তাঁকে সমর্থন দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানানো এবং তালাকপ্রাপ্ত নারীদের ঘিরে থাকা সামাজিক ট্যাবু বা কুসংস্কারকে চ্যালেঞ্জ জানানো।
চো সিউং ইয়ন এই ব্যতিক্রমী উদযাপন মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে; কেউ কেউ তাঁর এই নতুন শুরুর প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিবাহবিচ্ছেদ উদযাপনের ধারণাটি নিয়ে প্রশ্নও তুলেছেন।
সূত্র : Jist-এর ফেসবুক পোস্টে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি। ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক