নারীদের নাম মুছে ফেলার অভিযোগ তালেবানদের বিরুদ্ধে, ডাকা হচ্ছে ‘ছাগল’ বা ‘দাদি’ বলে
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে তালেবানদের বিরুদ্ধে। এমনকি কিছু নারীকে ‘দাদি’, ‘ছাগল’ বা ‘গরু’ বলে সম্বোধন করা হচ্ছে বলেও জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস।
তালেবান শাসনে নারীদের অধিকার সংকুচিত করার ধারাবাহিকতায় নতুন এই বিধিনিষেধের অভিযোগ সামনে এসেছে। চিকিৎসার নথি ও ব্যবস্থাপত্রেও নারীদের নাম ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে এই নিষেধাজ্ঞা দেশজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর ফক্স নিউজের।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে এল পাইস জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দটির অর্থ দাদি বা বয়স্ক নারী।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এল পাইসকে বলেন, নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু নারীকে অবমাননাকরভাবে ‘ছাগল’ বা ‘গরু’ বলেও ডাকা হচ্ছে।
ওসমানির ভাষায়, এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান অধিকারকর্মীও এল পাইসকে এ ধরনের নির্দেশ জারির কথা নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত নির্দেশটি উপেক্ষা করা হচ্ছে।
নারী অধিকার সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তালেবান ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা সারা দেশে কার্যকর করতে পারে। অতীতেও বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধ পরে দেশজুড়ে সম্প্রসারণের নজির রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান নারীদের অধিকার সীমিত করে তালেবান এখন পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে বলে হিসাব করেছে ফেমেনা।
এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে ১২ বছর বয়সের পর মেয়েদের শিক্ষাগ্রহণে বাধা, অধিকাংশ পেশায় নারীদের কাজের সুযোগ বন্ধ এবং জনসমক্ষে কথা বলার ওপর বিধিনিষেধ।
তবে তালেবানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু আফগান নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান চালাচ্ছেন। গত ১৭ নভেম্বর প্রকাশিত বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
কাবুলের এক বিউটি পার্লারের মালিক পরিচয় গোপন রেখে এপিকে জানান, এর আগে কর্তৃপক্ষ তার পার্লারে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করেছিল। পরে তিনি আবার ব্যবসা শুরু করেন। তার ভাষায়, এখন তারা সেটিও করতে দিচ্ছে না। আফগানিস্তানে নারীদের জন্য কাজ করাটাই অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
কাবুলের একটি গোপন স্কুলের সহকারী শিক্ষিকাও গ্রেপ্তারের আতঙ্কে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা সব সময় সেই আশঙ্কায় ভীত থাকি।
তবে তালেবানের পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম এপিকে বলেছেন, ইসলামী শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।
নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার অভিযোগের বিষয়ে ওসমানি আরও সতর্ক করেছেন, চিকিৎসার নথি ও ব্যবস্থাপত্রে একই ধরনের নাম ব্যবহারের কারণে রোগী শনাক্তে ভুল হতে পারে। এতে নারী রোগীদের চিকিৎসা ঝুঁকিতে পড়তে পারেন।
তালেবান শাসনে আফগান নারীরা এমনিতেই চিকিৎসাসেবা পেতে নানা বাধার মুখে পড়ছেন। পুরুষ চিকিৎসকদের নারী রোগী দেখার ওপর বিধিনিষেধ এবং নারীদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণে বাধার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৭ সালে আফগান নারীদের সরকারি নথিপত্রে, বিশেষ করে সন্তানদের জন্মসনদে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে প্রচার শুরু করেছিলেন ওসমানি। উগ্রপন্থীদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেলেও তার প্রচেষ্টায় ২০২০ সালে জন্মসনদে মায়ের নাম স্বেচ্ছায় যুক্ত করার সুযোগ তৈরি হয়। তবে সেই অগ্রগতি বেশিদিন স্থায়ী হয়নি।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারের পতনের পর আবার ক্ষমতায় ফেরে তালেবান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খলার মধ্যে দেশটির নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।

এনটিভি অনলাইন ডেস্ক