পাকিস্তান-আফগানিস্তান : মিত্র থেকে ‘শত্রু’
আফগানিস্তানে তালেবানকে দীর্ঘদিন সমর্থন দিয়ে এসেছে পাকিস্তান৷ কিন্তু এখন তালেবান-শাসিত প্রতিবেশী দেশেই বোমা হামলা চালাচ্ছে তারা৷ একসময়ের পরম মিত্ররা কেমন করে চরম ‘শত্রু’ হলো? দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর আলোচনাই বা কেন বারবার ব্যর্থ হচ্ছে?
গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান৷ হামলার ক্ষয়-ক্ষতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে৷ তালেবানের দাবি, হামলায় নারী ও শিশুসহ ৯ থেকে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন৷ অন্যদিকে পাকিস্তান বলছে, হামলায় ২২ জন জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদের গুদাম ধ্বংসও হয়েছে৷
মাঝে কয়েক মাস শান্ত থাকলেও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে দুই দেশের মধ্য উত্তেজনা আবার বাড়ছে৷ প্রায় নিয়মিতই চলছে হামলা-পাল্টা হামলা৷
এই দফায় শুরুটা করেছিল আফগানিস্তান৷ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলাটি হয় গত ১৮ সেপ্টেম্বর৷ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট শহরের একটি পুলিশ কম্পাউন্ডে চালানো সেই হামলায় ৩১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন৷ হামলার দায় স্বীকার করেছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র একটি গোষ্ঠী৷ তবে পাকিস্তান সরকার মনে করে, টিটিপি-কে নিরাপদ আশ্রয় দিচ্ছে আফগানিস্তান৷ আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে৷ সীমান্তে সংঘর্ষ চলতে থাকার এক পর্যায়ে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান৷

ডয়চে ভেলে