স্টার সিনেপ্লেক্সে
‘দম’কে পেছনে ফেলে শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মূল প্রতিযোগিতা ঘিরে ছিল দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স কেন্দ্রিক। কারণ ‘প্রিন্স’ ছাড়া অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি। ফলে প্রথম সপ্তাহজুড়ে শো বণ্টনে ছিল ভারসাম্য ও প্রতিদ্বন্দ্বিতা।
তবে দ্বিতীয় সপ্তাহে এসে সেই চিত্র বদলে গেছে—দর্শক আগ্রহের দিক থেকে এগিয়ে গেছে একটি নির্দিষ্ট সিনেমা। আর সেই দৌড়ে শীর্ষে উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৮টি শাখা মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট শো সংখ্যা ২৯টি, যা এই মুহূর্তে সর্বোচ্চ। এর আগে শো সংখ্যায় এগিয়ে ছিল ‘দম’। তবে নতুন সূচিতে ‘দম’ ৭টি শাখায় ১৯টি শো নিয়ে নেমে এসেছে দ্বিতীয় স্থানে। প্রথম সপ্তাহের তুলনায় এই পরিবর্তন শো বণ্টনের পাশাপাশি দর্শক উপস্থিতির দিকেও একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়।
শো সংখ্যার হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ‘রাক্ষস’, ৬টি শাখায় যার শো ১৩টি। এরপর ‘প্রেশার কুকার’ ৫টি শাখায় ৯টি শো নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তালিকার শেষদিকে থাকা ‘প্রিন্স’ ৬টি শাখায় পাচ্ছে ৭টি শো।
প্রেক্ষাগৃহে শো নির্ধারণ সাধারণত দর্শক চাহিদা, টিকিট বিক্রি এবং প্রদর্শন ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। সেই বিবেচনায় দ্বিতীয় সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’-এর শো সংখ্যা বৃদ্ধি পাওয়া সিনেমাটির প্রতি দর্শক আগ্রহ বৃদ্ধির একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এর প্রভাব পড়েছে অন্যান্য সিনেমার শো বণ্টনেও।
বিশেষ করে ‘দম’-এর সঙ্গে প্রতিযোগিতায় এই পরিবর্তনটি বেশি গুরুত্ব পাচ্ছে। প্রথম সপ্তাহে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা চললেও দ্বিতীয় সপ্তাহে এসে ব্যবধানটি স্পষ্ট হয়েছে।
সব মিলিয়ে, ঈদের সিনেমাগুলোর প্রদর্শনী প্রতিযোগিতা এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। আর বর্তমান শো সংখ্যার হিসাবে সেই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

বিনোদন ডেস্ক