ঈদের মধ্যে মধ্যপ্রদেশের এক জেলায় কারফিউ
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলায় সাম্প্রদায়িক সংঘাতকে কেন্দ্র করে দুদিন কারফিউ জারি করা হয়েছে। রাজ্যটির খরগাও জেলায় আজ সোমবার থেকে এ কারফিউ জারি থাকবে।
ভারতে আগামীকাল মঙ্গলবার ঈদ উদ্যাপন হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খরগাওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামার সিং বলেছেন, ‘২ ও ৩ মে খরগাওয়ে সম্পূর্ণ কারফিউ জারি থাকবে। ঈদের নামাজ পড়তে হবে নিজ নিজ বাড়িতে। এ দুদিন কেবল দোকানপাট খোলা থাকবে এবং পরীক্ষা দিতে যাবে, এমন শিক্ষার্থীদের পাস দেওয়া হবে।’
জেল ম্যাজিস্ট্রেট সামার সিং আরও বলেন, ‘অক্ষয় তৃতীয়া ও পরশুরাম জয়ন্তীতেও কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’
এর আগে, গত ১০ এপ্রিল খরগাওয়ে রাম নবমীর সময় সাম্প্রদায়িক সংঘর্ষে ২৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এ সময় এক ব্যক্তি নিহত হন ও খরগাওয়ের পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরীর ওপরও গুলিবর্ষণ করা হয়।
আনন্দ নগর কাপাস মান্ডি এলাকায় ইবরিস খান হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সিনিয়র পুলিশ অফিসারকে গুলি করার অভিযোগেও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর, সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে দায়ের করা ৬৪টি মামলায় দেড় শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ‘আগামী দিনগুলোতে বেশ কয়েকটি উৎসব পালিত হবে। এর পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রদেশের জেলাগুলো সতর্ক রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিজ নিজ এলাকার পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।’

এনটিভি অনলাইন ডেস্ক