করোনার টিকা নিলেন কমলা হ্যারিস
কোভিড-১৯-এর টিকার প্রথম ডোজ নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আজ স্থানীয় সময় মঙ্গলবার কমলা হ্যারিস টিকার প্রথম ডোজটি নেন।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে এই টিকা নেন নবনির্বাচিত এই ভাইস প্রেসিডেন্ট। তাঁর টিকা নেওয়ার মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হয়।
টিকা নেওয়ার পর কমলা হ্যারিস বলেন, ‘এটা সহজ ছিল’ এবং এটা ‘তুলনামূলকভাবে ব্যথামুক্ত’ ও দ্রুত ছিল।
এদিকে কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও এদিন টিকার প্রথম ডোজ নিয়েছেন।
এর আগে ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। টেলিভিশনে বাইডেনের টিকা নেওয়ার মুহূর্তও সরাসরি সম্প্রচার করা হয়।
টিকা নেওয়ার পর জো বাইডেন বলেছেন, তিনি এই টিকা নিয়েছেন মানুষকে দেখানোর জন্য যে ‘এটি নিরাপদ’।

এনটিভি অনলাইন ডেস্ক