হজ মৌসুমে সৌদিতে সোয়া দুই লাখ ব্যক্তি আটক
সৌদি আরবে হজের মৌসুম শুরুর পর নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত দুই লাখ ২৪ হাজার ৭৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ৬১টি ভুয়া হজ অফিস।
সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল জামান আল-ঘামদি এক সংবাদ সম্মেলনে এসব জানান। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।
আটক ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৫৩৩ জন সৌদি নাগরিক। বাকি দুই লাখ ১৩ হাজার ৫৪১ জন বিদেশি নাগরিক।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুম শুরুর পর গত রোববার পর্যন্ত তিন লাখ ৪০ হাজার ৯৩৯টি গাড়ি মক্কা শহরে প্রবেশ করেছে এবং মক্কা ছেড়েছে। এর মধ্যে এক হাজার ৩৩৩টি বাস সীমান্ত অঞ্চল দিয়ে প্রবেশ করে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
হজ নিরাপত্তা বাহিনীর সড়ক বিভাগের সহকারী কমান্ডার মেজর জেনারেল জাইদ আল-তুয়াওয়াইয়ান বলেন, ‘হজ সম্পর্কিত কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। এখন পর্যন্ত কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি। মক্কাগামী সড়কে চলাচলকারী যানবাহন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মক্কাগামী প্রধান প্রধান সব মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা কমান্ডসহ সংশ্লিষ্ট সব বিভাগ প্রস্তুত আছে। কোনো দুর্ঘটনা হলে আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দিতে বিমানে ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া ৭২টি গোপন নিরাপত্তা টিম পুরো মক্কায় রয়েছে এবং ৩১টি নিরাপত্তা চেক পয়েন্ট রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার সৌদি আরবের মক্কার আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

কামাল পারভেজ অভি, মক্কা