রাহুল গান্ধী, কেজরিওয়ালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ভারতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের ‘ভারতবিরোধী আন্দোলন’ সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভারতের পুলিশ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বৃহস্পতিবার আইনজীবী জনার্দন গৌড় হায়দরাবাদের মহানগর হাকিমের আদালতে অভিযোগ করেন। এতে রাহুল ও কেজরিওয়াল ছাড়া অন্য অভিযুক্তরা হলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআইর (মার্কসবাদী) নেতা সিতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, অজয় মাকেন, সিপিআই নেতা ডি রাজা, জনতা দলের (সংযুক্ত) মুখপাত্র কে সি ত্যাগি, জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট কানাইয়া কুমার এবং বিশ্ববিদ্যালয়টির গবেষক উমর খালিদ।
হায়দরাবাদের তেলাঙ্গানা জেলার শারুরনগর পুলিশ স্টেশনের পরিদর্শক এস লিনগায়া রোববার বলেন, আদালত নির্দেশিত বিষয় এটি। আদালতের নির্দেশে ১২৪এ বিধান অনুযায়ী বৃহস্পতিবার রাহুল গান্ধী ও কেজরিওয়ালসহ নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। আদালত বিষয়টি শুনানির জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন।
অভিযোগে বলা হয়েছে, আগেই জেএনইউ নেতা কানাইয়া কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এটি জানা সত্ত্বেও রাহুল গান্ধী ও অন্য নেতারা জেএনইউ ক্যম্পাসে যান এবং ছাত্রদের ভারতবিরোধী আন্দোলনে সমর্থন দেন।
এর আগেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছাত্র নেতা কানাইয়া ও গবেষক খালিদকে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন ডেস্ক