মায়ের সঙ্গে সময় কাটালেন মোদি
প্রায় আড়াই বছর হলো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু এত দিন ধরে দিল্লির বাসভবনে একাই থাকতেন তিনি।
দিল্লির রেসকোর্স রোডে একার সংসারে মোদির মা হীরাবেনের পদার্পণ ঘটল।
দিল্লির রেসকোর্স রোডের আবাসনে এই প্রথম ছেলেকে দেখতে এলেন মোদির অসুস্থ মা হীরাবেন। কাজের চাপে পরিবারের সঙ্গে রোজ দেখা করা সম্ভব হতো না মোদির। এমনকি নিয়ম করে কথাও বলতে পারতেন না। তাই প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মায়ের পা পড়তেই খুশি বাঁধ ভাঙল মোদির। মাকে হুইলচেয়ারে বসিয়ে গোটা বাসভবন চত্বর নিজেই ঘুরিয়ে দেখালেন তিনি। সে সঙ্গে মাকে পাশে নিয়ে চলল চা খাওয়া থেকে পারিবারিক গল্প। মায়ের স্নেহে নিজেকে ডুবিয়ে এক অনাবিল আনন্দে ভাসলেন ভারতের প্রধানমন্ত্রী।
এর আগে বারবার মায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়েছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরেই ছুটে গেছেন মায়ের আশীর্বাদ নিতে। নিজের হাতে মাকে খাইয়েছেন মিষ্টি। সেই মা এবারে দিল্লির বাসভবনে তাঁর কাছে আসায় রীতিমতো খুশি মোদি। সেই খুশিকে সবার সঙ্গে শেয়ার করে নিতে টুইটারে জানালেন মা তাঁর কাছে আসার খবরও। এমনকি মায়ের সঙ্গে কাটানো টুকরো টুকরো কিছু মুহূর্তের ছবিও তুলে ধরলেন নিজের টুইটারে।
তবে মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে না পারার আক্ষেপটাও গোপন করেননি তিনি। পাঁচ দিনের সফরে মা হীরাবেন মোদির কাছে ছিলেন। মোদি জানিয়েছেন, অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা হলো। দুর্দান্ত কিছু মুহূর্ত কাটল মায়ের সঙ্গে। অবশেষে পাঁচ দিন থাকার পর মা হীরাবেন ফের ফিরে গেলেন গুজরাটের বাড়িতে।

কলকাতা সংবাদদাতা