পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ‘সমন্বিত’ হামলায় কমপক্ষে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৩৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। আজ শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। খবর ডিডব্লিউর।
আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে বেলুচিস্তানের। দীর্ঘদিন ধরে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিদেশি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা বাহিনীর ১০ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া ৩৭ জন বিদ্রোহীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রাদেশিক সরকারের কর্মকর্তা শহীদ রিন্দ বলেন, গত দুদিনে বেলুচিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়। এরপর সন্ত্রাসীরা বেলুচিস্তানের কয়েকটি স্থানে হামলা চালানোর চেষ্টা করেছে, কিন্তু পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি) বাহিনী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তা ব্যর্থ করে দিয়েছে।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার বলেন, প্রদেশজুড়ে প্রায় একইসঙ্গে আক্রমণ শুরু হয়েছিল।
বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে প্রদেশটির বৃহত্তম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) । বিএলএ দাবি করেছে, আক্রমণগুলো সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে।
বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর দুটি পৃথক অভিযানে ৪১ জন বিদ্রোহী নিহত হওয়ার খবর জানানোর একদিন পর শনিবার এ হামলাগুলো হয়।
কয়েক দশক ধরে পাকিস্তান বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে। প্রদেশটিতে সংখ্যালঘু বেলুচরা প্রায়ই রাজনৈতিকভাবে বিচ্যুতি এবং অর্থনৈতিকভাবে প্রান্তিকীকরণের শিকার হওয়ার বিষয়ে অভিযোগ করে আসছে।
গত বছরের মার্চে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ জন যাত্রীবাহী একটি ট্রেন ছিনতাইয়ের পর বেশ কয়েকজনকে হত্যা করে।

এনটিভি অনলাইন ডেস্ক